তিনদিনেও খোঁজ মেলেনি নিখোঁজ ১৬ জেলের

বরগুনাবঙ্গোপসাগরে মাছ ধরার সময় গভীর নিম্নচাপের প্রভাবে দুই ট্রলারসহ নিখোঁজ ১৬ জেলের সন্ধান তিনদিনেও মেলেনি বলে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
তিনি বলেন, নিখোঁজ জেলেদের এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। অনুসন্ধানের জন্য কোস্টগার্ড, নৌবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুরে ১২০ কিলোমিটার দক্ষিণে আলোরকোল এলাকায় কবিতা রাণীর মালিকানাধীন এফবি ভাইবোন ট্রলার ও আশুতোষের মালিকানাধীন এফবি অভি গভীর বঙ্গোপসাগরের জলসীমায় ঢুকে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। এ সময় ওই দুই ট্রলারের ১৬ জেলে নিখোঁজ হন। ডুবে যাওয়া দুই ট্রলারের অন্তত ১৩ জেলেকে একটি মাছ ধরার ট্রলারে উদ্ধার করলেও বাকি ১৬ জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন।এদিকে গভীর সমুদ্রে এখনও কয়েকশ’ মাছ ধরা ট্রলার রয়ে গেছে বলেও সংশ্লিষ্ট সূত্রে খবর মিলেছে।

স্থানীয় ট্রলার মালিক মো. বাবুল মিয়া জানান, গভীর সমুদ্রে মোবাইল নেটওয়ার্ক না থাকায়, সমুদ্রে থাকা জেলেদের সঙ্গে এখন পর্যন্ত কোনও যোগাযোগ করা যায়নি।

বরগুনা জেলা ট্রলার শ্রমিক ইউনিয়নের সভাপতি আ. মান্নান মাঝি বলেন, যেসব ট্রলার ফিরে এসেছে ওসব ছাড়াও দেড় শতাধিক মাছ ধরার ট্রলারে কয়েক হাজার জেলে সাগরে রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চলছে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. এস এ রউফ বলেন, ‘সকালে একটি ট্রলারের তলা ফেটে সাগরে কয়েক ঘণ্টা ভাসার পর ফেয়ারওয়ে বয়ার ৫ নম্বর ঘাটে নিরাপদে আছে। আরও বেশ কিছু ট্রলার সুন্দরবনের বিভিন্ন জায়গায় নোঙর করে আছে। তবে হতাতের বা নিখোঁজের খবর এখন পর্যন্ত আমরা পাইনি।’

তিনি আরও বলেন, ‘আমার সাগরে টহলে থাকা অবস্থায় জেলেদের সার্বিক বিষয়ে খোঁজ খবর রাখছি।’

/এইচকে/

পড়ুন: ভারতীয় তিন জেলের লাশ বিএসএফ’র কাছে হস্তান্তর