নারী সাংসদের বিকৃত ছবি ফেসবুকে, ছাত্রলীগ কর্মী আটক

আটকবরিশাল-৫ (সদর) আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজের  ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট করায় জুনায়েদ আহম্মেদ সুমন নামে এক ছাত্রলীগ কর্মিকে আটক করে জেলে পাঠিয়েছে পুলিশ। সুমন বরিশাল সরকারি বিএম কলেজের ছাত্র বলে জানা গেছে।
রবিবার সন্ধ্যায় বরিশাল নগরীর কাউনিয়া এলাকার এক মেস থেকে তাকে আটক করেন কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক সমিরণ মণ্ডল।
সুমন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাদুড়া গ্রামের কবির ফরাজীর ছেলে। বিএম কলেজে লেখাপড়ার সুবাধে বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় একটি মেসে ভাড়া থাকে সে।
জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন জানান, আটক সুমন বরিশাল সরকারি বিএম কলেজের সমাজকল্যাণ বিভাগের ছাত্র এবং কলেজ ছাত্রলীগের কর্মী।
কোতোওয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মো. আওলাদ হোসেন জানান, সুমনের বিরুদ্ধে এমপি জেবুন্নেছা আফরোজের অণুসারী মহানগর যুবলীগের সদস্য সোয়েব আহাদ সিজান বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেছেন।
মামলা সূত্রে  জানা গেছে, ভারতীয় চলচ্চিত্রের এক নায়িকার কুরুচিপূর্ণ ছবির সঙ্গে বরিশাল সদর আসনের সাংসদ জেবুন্নেসা আফরোজের মুখমণ্ডল যুক্ত করে সুমন তার ফেসবুকে পোস্ট করে এবং তাতে ‘সাংসদ এখন মডেল নায়িকা’ বলে কমেন্ট করে। এতে জেবুন্নেসা আফরোজ এমপির সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় সুমনের বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় অভিযোগ করেন সোয়েব আহাদ সিজান।
অভিযোগের পরিপ্রেক্ষিতে সুমনকে রবিবার রাতে  কাউনিয়ার মেস থেকে আটক করে পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
/এমএসএম/