নতুন প্রজন্ম হবে আধুনিক বাংলাদেশের নির্মাতা: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদশিক্ষামন্ত্রী  নুরুল ইসলাম নাহিদ বলেছেন, নতুন প্রজন্ম তথা ছাত্র সমাজ হবে আধুনিক বাংলাদেশের নির্মাতা।
বৃহস্পতিবার সকালে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) দিবস ২০১৬ উপলক্ষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে বিশ্বমানের শিক্ষা, জ্ঞান ও নতুন প্রযুক্তি অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেওয়া। এ লক্ষ্য অর্জনে এ বিশ্ববিদ্যালয়কে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় এসেছে। এই পরিবর্তনের অন্যতম বিষয় হচ্ছে দারিদ্র্য, অভাব ও দুর্নীতিমুক্ত সমৃদ্ধ দেশ গড়া। ঘোষণা করা হয়েছে ডিজিটাল বাংলাদেশের। দেশে সব দল-মতের মানুষের পরামর্শের ভিত্তিতে প্রণয়ন করা হয়েছে শিক্ষানীতি। সরকার ইতোমধ্যে দেশে ২৩ হাজার ৩৫০টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাস চালু করেছে।
অনুষ্ঠানে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর সভাপতির বক্তৃতা করেন। স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ডীন প্রফেসর ড. তারাপদ ভৌমিক।  এ সময় বিশ্ববিদ্যালয়ের ডিন, শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
/এমডিপি/এমএসএম/