যশোরে জলাবদ্ধ মানুষদের ত্রাণ দিলেন কাজী নাবিল

জলাবদ্ধ মানুষের কাছে ত্রাণ তুলে দিচ্ছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ

যশোরের জলাবদ্ধ এলাকার মানুষের মাঝে ত্রাণ সহায়তা দিয়েছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। শুক্রবার সারাদিন তিনি ও জেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা মণিরামপুর ও কেশবপুর উপজেলার জলাবদ্ধ এলাকায় এ সহায়তা প্রদান করেন। এ সময় কাজী নাবিল জলাবদ্ধ মানুষের দুঃখ-দুর্দশার কথা এবং তাদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন।

এসময় স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন,‘আপনারা যে যা পারেন সহায়তার জন্যে যোগাড় করুন। আপনারা যতটুকু জোগাড় করতে পারবেন, আমি তার সমপরিমাণ সহযোগিতা দিয়ে জলাবদ্ধ মানুষের জন্যে প্রয়োজনীয় সবকিছু করবো।

তিনি এসব দুর্দশাগ্রস্থ মানুষের সহায়তা করার জন্য সমাজের বিত্তবানদের উদাত্ত আহ্বান জানান। এছাড়া তিনি যশোরে কর্মরত বিভিন্ন বেসরকারি সংস্থাগুলোকে তাদের সাধ্যমত এগিয়ে আসতে অনুরোধ করেন।

সংসদ সদস্য কাজী নাবিল মণিরামপুর উপজেলার চিনেটোলা ও হাজিরহাট এলাকা এবং কেশবপুর উপজেলা সদরের আলিয়া মাদ্রাসা এলাকায় আশ্রিত জলাবদ্ধ ১ হাজার ২০০ মানুষের মধ্যে খাবারের প্যাকেট তুলে দেন। সহায়তা হিসেবে তিনি চাল, ডাল, তেল, আলু,পেয়াঁজ,মরিচ ও লবণের প্যাকেট তাদের কাছে পৌঁছে দেন।

ত্রাণ সহায়তা দেওয়ার সময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ,সেক্রেটারি মেহেদি হাসান মিন্টু, শ্রমিক লীগ নেতা কাজী আব্দুস সবুর হেলাল, যুবলীগ নেতা ফারুক আহমেদ, সুখেন মজুমদার, আবু মুসা মধু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সেতারা বেগম, মহিলা লীগ নেতা লাইজু জামান, রফিকুল ইসলাম রফিক, মঈনুদ্দিন মিঠু, হাফিজুর রহমান, জাহিদুর রহমান লাবু, ছাত্রলীগ নেতা লুৎফুল কবীর বিজু ও সাঈদ সরকারসহ অনেকে উপস্থিত ছিলেন।

/এমডিপি/এপিএইচ/