‘বিএনপি কত বড় ফ্যাক্টর, তা ভালোভাবেই জানেন শামীম ওসমান’

Narayanganj_Bnp.doc (1)

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি ও এর প্রার্থী যে কত বড় ফ্যাক্টর তা শামীম ওসমান ভালোভাবেই জানেন। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সেক্রেটারি এটিএম কামাল একথা বলেছেন।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের ডিআইটি বাণিজ্যিক এলাকাতে জেলা বিএনপি কার্যালয়ে আসন্ন সিটি করপোরেশন নির্বাচনের মতবিনিময় সভায় এ কথা বলেছেন তিনি।

কামাল বলেন, ‘শামীম ওসমান নাকি বলেছেন, নির্বাচনে বিএনপি কোনও ফ্যাক্টর না। ওই যে বলে না ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না। বিএনপি যে কত বড় ফ্যাক্টর তা শামীম ওসমানের চেয়ে ভালো কেউ জানে না। তিনি গত সিটি নির্বাচনে এই ফ্যাক্টর খুব ভালোভাবে উপলব্দি করেছেন। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ প্রার্থীর জামানত থাকবে না।’

এর আগে গণমাধ্যমকে শামীম ওসমান বলেন, ‘সাখাওয়াত হোসেন বিএনপির নতুন প্রার্থী। তাকে নিয়ে কথা বলার কিছুই নেই। তার বিরুদ্ধে আগে কখনোই পরীক্ষা হয়নি। আমি আগেই বলেছিলাম নির্বাচনের আগে বিএনপিকে খুঁজে পাবে না। কারণ সারা দেশে বিএনপির অবস্থা খুবই নাজুক। বিএনপি বা বিএনপির প্রার্থী ফ্যাক্টর না তবে কাউকে আন্ডার ইস্টিমেট করা উচিত না।’

সভায় বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘বিএনপিকে ঘুরে দাঁড়াতে হলে নির্বাচনে জয় দরকার। আমার প্রতি ক্ষোভ থাকতে পারে। কিন্ত দলের স্বার্থে, খালেদা জিয়ার স্বার্থে আমরা জয়ের জন্য কাজ করবো।’

জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ হাসান রোজেলের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আকরাম, রিয়াদ মোহাম্মদ চৌধুরী প্রমুখ।

 

/এসটি/