বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবেই চলছে: প্রধান বিচারপতি

শ্রীমঙ্গলে প্রধান বিচারপতিস্বাধীনতার পর কিছু সময়ের জন্য বাংলাদেশ ধর্মনিরপেক্ষতার পথ থেকে বিচ্যুত হয়ে গেলেও এখন সম্পূর্ণরূপে একটি ধর্মনিরপেক্ষ দেশ হিসেবেই বাংলাদেশ চলছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তিনি বলেছেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছে। এত রক্তের বিনিময়ে আমরা একটি ধর্মনিরপেক্ষ সংবিধান পেয়েছি। আইনের শাসনের প্রকৃত স্বাধীনতা বজায় রেখে সেই ধর্মনিরপেক্ষতা আমাদের ধরে রাখতে হবে।
শনিবার (১১ মার্চ) দুপুরে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ জগন্নাথ দেবের আখড়ায় শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩২তম আবির্ভাব ও শুভ দোল পূর্ণিমা উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান বিচারপতি এস কে সিনহা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি বলেন, ‘বাংলাদেশ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। কিন্তু স্বাধীনতার পর কিছুদিনের জন্য দেশ সেই ধারা থেকে বিচ্যুতি হয়েছিল। এরপর আবার গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে অগণতান্ত্রিক সামরিক শাসনের সব বিধান বাতিল করা হয়েছে। এখন আমরা আবারও সম্পূর্ণরূপে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে পরিণত হয়েছে।’
অনেক মন্দির শত শত বছর আগে প্রতিষ্ঠিত এবং সেগুলো সরকারের খাস খতিয়ানে না থাকলেও সেগুলো নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে আশ্বাস দেন এস কে সিনহা। তিনি বলেন, ‘অনেক সেবায়েত দেশ ছেড়েছেন, অনেকে মারা গেছেন। আবার অনেকের দান সঠিকভাবে রক্ষিত হয়নি, সেগুলোর কাগজপত্র নেই। কোনও মন্দিরের জায়গা সরকারি রেকর্ডে না থাকলে ভবিষ্যতে গোলমাল হতে পারে বলে আপনারা আশঙ্কা করতে পারেন। কিন্তু প্রথা অনুযায়ী কোনও মন্দির ৬০ বছরের বেশি সময় ধরে চালু থাকলে তার ওপর জনগণের অধিকার হয়ে যায়। মন্দিরগুলোর ওপরও তেমন আপনাদের অধিকা থাকবে।’ এসময় হিন্দু সম্প্রদায়ের মানুষদের একতাবদ্ধ হওয়ার পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা একতাবদ্ধ থাকবেন। তাতে অধিকার আদায় করাটা সহজ হবে। তবে সেটা করতে গিয়ে পাশের যারা রয়েছেন তাদের সঙ্গে সংঘাতে জড়াবেন না।’
কলকাতা থেকে আগত ত্রয়োদশ নিত্যানন্দ বংশাবতংশ প্রভুপাদ শ্রীমৎ গুরুরাজ কিশোর গোস্বামীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্জালাল, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেবসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

আরও পড়ুন-

সুইজারল্যান্ডের ব্যাংকে আ.লীগ নেতাদের প্রচুর টাকা জমা হয়েছে: মির্জা ফখরুল

সমাজে নারীরা পুরুষের সমান মর্যাদা পায় না: সন্তু লারমা

/টিআর/