দৌলতদিয়ায় সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

রাজবাড়ী

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১ এপ্রিল) বিকাল ৩টার দিকে ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা সাঈদ শিকদারের বাড়িতে এ ঘটনা ঘটে। গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা আবুল কালাম আজাদ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- গোয়ালন্দ পৌরসভার রইচ ফকীরের ছেলে রেজাউল করিম রিয়াজ (১৭) এবং দৌলতদিয়ার হোসেন মন্ডল পাড়া গ্রামের মাইনুদ্দিন মোল্লার ছেলে হারুন মোল্লা (৩৫)।

ওসি মীর্জা আবুল কালাম আজাদ জানান,দুপুরে ওই বাড়ির সেপটিক ট্যাংকের ভিতরে নির্মাণকাজে ব্যবহার করা বাঁশ খুলতে দুই শ্রমিক ভিতরে ঢুকেন। এর কিছুক্ষণ পরই তাদের মৃত্যু হয়। স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে যায় পুলিশ।

লাশ দুটির সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হবে বলে জানান তিনি।

/এমএ/