জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (১৪ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে বলে পুলিশের কাছে অভিযোগ করেছেন দুই ভিকটিমের অভিভাবকরা। এ ঘটনায় পুলিশ আব্দুস সালাম মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে। পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার বাংলা ট্রিবিউনের কাছে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভিকটিম দুই জনের স্বজনদের বরাতে পুলিশ জানিয়েছে, আজ (শুক্রবার) বেলা ১টার দিকে আব্দুস সালাম মোল্লা বিস্কিট দেওয়ার প্রলোভন দিয়ে সাত বছর ও নয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণ করে। ভিকটিমরা সম্পর্কে চাচাতো বোন। শিশু দুই জনের কান্নাকাটিতে তাদের ছেড়ে দেয় আব্দুস সালাম। পরে ভিকটিমরা বাড়ি গিয়ে নিজেদের স্বজনদের কাছে ঘটনা জানায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে থানায় জানানো হলে পুলিশ আব্দুস সালামকে আটক করে।
পুলিশ আরও জানায়, আব্দুস সালামকে আটকের পরে এ ঘটনায় মামলা হয়েছে। ভিকটিম দুই শিশুকে বিকাল তিনটার দিকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
ভিকটিমদের স্বজনরা জানান, ঘটনার পর থেকে শিশু দুটি স্বাভাবিক হতে পারছে না। তারা ভীষণ ভয় পেয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফিরোজ সরকার বলেন, ‘প্রাথমিকভাবে ধারণাও করা হচ্ছে, দুই শিশু ধর্ষণের শিকার হয়েছে। তবে এ ব্যাপারে হাসপাতালের বিশেষ টিম পরীক্ষা-নিরীক্ষা করার পর ধর্ষণের ঘটনাটির ব্যাপারে নিশ্চিত করে বলা যাবে।’
ওসি কিরণ বলেন, ‘আব্দুস সালাম প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে।’
/এমএ/