যবিপ্রবিতে হচ্ছে বিশ্বমানের হ্যাচারি ও জেনোম সেন্টার

যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৪২তম সভা (ছবি- প্রতিনিধি)

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিশ্বমানের হ্যাচারি ও জেনোম সেন্টার হচ্ছে। যবিপ্রবির সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের ৪২তম সভায় প্রকল্প দুইটির দৃষ্টিনন্দন ডিজিটাল ডিসপ্লে উপস্থাপনের পর তা অনুমোদন করা হয়।

শনিবার (২৯ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর সম্মেলন কক্ষে রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান ও যবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। যবিপ্রবির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. হায়াতুজ্জামান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

মো. হায়াতুজ্জামান আরও জানান, রিজেন্ট বোর্ডের সূচনা বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, এই বিশ্ববিদ্যালয়কে একটি বিজ্ঞানধর্মী ও গবেষণামূলক বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হবে। এজন্য সরকারের উচ্চপর্যায়ে যারা আছেন, প্রত্যেকের সক্রিয় সাহায্য-সহযোগিতা চাই। আশা করি, এই বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সবাই আমাদের সক্রিয় সহযোগিতা করবেন।

মো. হায়াতুজ্জামান আরও জানান, সভায় বিভিন্ন বিষয়ে নিয়োগ, আপগ্রেডেশনসহ নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। একইসঙ্গে শিক্ষক নিয়োগ সংক্রান্ত নির্বাচনি বোর্ডেও কিছু সংযোজন ও বিয়োজন করা হয়।

রিজেন্ট বোর্ডের সভায় উপস্থিত ছিলেন- যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ আবুল হোসেন, সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য্য, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এম. বজলুল করিম চৌধুরী, যশোর আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সিরাজুল ইসলাম, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. ভাগ্য রাণী বণিক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম শাহী আলম, ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রধান নির্বাহী কর্মকর্তা অধ্যাপক ডা. মো. আব্দুর রশীদ, সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবীর,  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আব্দুল আলীম, যবিপ্রবির জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. ইকবাল কবীর জাহিদ, বিজ্ঞান অনুষদের ডিন ড. এএসএম মুজাহিদুল হক, ফলিতবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মো. ওমর ফারুক, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান ও মাসুদা ডেইরি নিউট্রিশনের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবির হোসেন, সরকারি এমএম. কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মিজানুর রহমান, সরকারি সিটি কলেজ, যশোরের অধ্যক্ষ অধ্যাপক আবু তোরাব মোহাম্মদ হাসান এবং যবিপ্রবির রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব প্রমুখ।

/এমএ/