নড়াইলে কাঠমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ

 

পিটিয়ে হত্যা

নড়াইলে কাঁঠাল খাওয়াকে কেন্দ্র করে কাঠমিস্ত্রি নির্মল রায়কে (৫০) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩০ জুলাই) রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। নড়াইল সদর উপজেলার সিঙ্গাশোলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মির্জাপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহতের স্ত্রী সুনিতা রায় জানান, শুক্রবার (২৮ জুলাই) প্রতিবেশি মিলটন কাজীর স্ত্রী লাবনীকে কাঁঠাল খেতে দেন তার স্বামী। এ ঘটনায় মিলটন ক্ষুব্ধ হয়ে শনিবার সন্ধ্যার দিকে বাড়ির পাশে নির্মলকে লাঠি দিয়ে মেরে আহত করেন। এরপর স্থানীয় বাজারে গ্রাম্য ডাক্তারের কাছে চিকিৎসা নেন নির্মল। রোববার রাতে তিনি মারা যান।

এ ব্যাপারে এসআই নাজমুল জানান, এ ব্যাপারে নড়াইল সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকে মিলটন পলাতক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

এএইচ/