চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই ফেরত এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে এক কেজি ৪০২ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) বিকালে এক শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ব্যাগ স্ক্যানিংয়ের সময় ওই স্বর্ণের বারগুলো উদ্ধার করেন। শুল্ক গোয়েন্দাদের দাবি, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলোর আনুমানিক মূল্য ৭০ লাখ টাকা।
শাহ আমানত বিমানবন্দরের কাস্টমসের সহকারী কমিশনার মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।
মিজানুর রহমান বলেন, ‘শুক্রবার বিকালে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট অবতরণের পর গ্রীন চ্যানেল পার হয়ে কাস্টমসের স্ক্যানিংয়ে ওই যাত্রীর ব্যাগে স্বর্ণের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। পরে ব্যাগ খুলে তাতে ১২টি স্বর্ণ বার পাওয়া যায়।’
তিনি আরও বলেন, ‘ব্যাগ স্ক্যানিংয়ের সময় ওই যাত্রী কৌশলে পালিয়ে যায়। তাকে শনাক্ত করার চেষ্টা চলছে।’
/এমএ/