‘নির্ধারিত লক্ষ্য সামনে রেখে দেশের নেতৃত্ব দিচ্ছেন শেখ হাসিনা’

ভোলায় এক অনুষ্ঠানে খন্দকার মোশাররফ হোসেন (ছবি- প্রতিনিধি)

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী (এলজিআরডি) ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়; তিনি ২০৪১ সালের মধ্যে এ দেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যও ঠিক করেছেন। বিশ্ব নেতাদের মধ্যে একমাত্র শেখ হাসিনাই নির্ধারিত লক্ষ্য সামনে রেখে দেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।’

শনিবার (৫ আগস্ট) দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলা পরিষদ কমপ্লেক্সের নবনির্মিত ভবন উদ্বোধন শেষে ব্রজগোপাল টাউন হলে উপজেলা পরিষদ আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘শেখ হাসিনা সরকার প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার সময় দেশের মানুষের গড় আয় ছিল ৫৬১ ডলার, বর্তমানে তা ১৬০২ ডলারে উন্নীত হয়েছে।’
তিনি আরও বলেন, ‘টকশো-তে অনেক বিএনপি নেতা দাবি করেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ ৫০টির বেশি আসন পাবে না। ওই সব নেতাদের বলছি, বিএনপিই ৩০টির বেশি আসন পাবে না।’
এলজিআরডি মন্ত্রী বলেন, ‘৪৬৫ কোটি টাকা ব্যয়ে ভোলা অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ চলছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে চরফ্যাশনে কোনও কাঁচা রাস্তা থাকবে না।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এছাড়া স্থানীয় সাংসদ বন ও পরিবেশ উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব, সিরাজগঞ্জ সদর আসনের সাংসদ হাবিবে মিল্লাত মুন্না, এলজিইডির প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী প্রমুখ বক্তব্য রাখেন। প্রধানমন্ত্রীর জামাতা খন্দকার মাশরুর হোসেন মিতু কিছুক্ষণের জন্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন- ভোলা জেলা প্রশাসক মোহাং সেলিম উদ্দিন, পুলিশ সুপার মোকতার হোসেন এবং স্থানীয় আওয়ামী লীগ নেতারা।
/এমএ/