চাঁপাইনবাবগঞ্জের নাচোলে থানা হেফাজতে আসামি মাহফুজুর রহমানের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মামলায় ছয় পুলিশ সদস্য ও আরও দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত অনেককে আসামি করা হয়েছে। রবিবার (৬ আগস্ট) দুপুরে মাহফুজুর রহমানে বড়ভাই শাহীনুর আলম জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আমলি আদালত ‘গ’ অঞ্চলে ২০১৩ সালের হেফাজত মৃত্যু (নিবারণ) আইনে এ মামলা দায়ের করেন। বাদীপক্ষের আইনজীবী আকরামুল ইসলাম বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানিয়েছেন।
মামলার আসামিরা হলেন- নাচোল থানার উপ-পরিদর্শক (এসআই) ও মাহফুজুর রহমানকে রিমান্ডে নেওয়া তদন্ত কর্মকর্তা আব্দুল বারিক, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, এসআই আহসান হাবিব, এসআই ও ডিউটি অফিসার জহুরুল, এএসআই সামশুল, ডিউটিরত কনস্টেবল চাঁনজারুল ও মামলার বাদী নাসিরউদ্দিন এবং বাদীর ভগ্নিপতি জাফর ইকবাল।
আইনজীবী আকরামুল ইসলাম জানান, জেলা পুলিশ সুপারকে মামলাটি এফআইআর হিসেবে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরিফুল ইসলাম। একইসঙ্গে বিচারক মামলাটির বিষয়ে পুলিশের আইজিপি ও রাজশাহী বিভাগীয় ডিআইজিকেও অবহিতকরণের নির্দেশ দিয়েছেন।
মাহফুজুর রহমানে বড়ভাই শাহীনুর আলম জানান, থানায় মামলা না নেওয়ায় তিনি আদালতে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, ২৬ জুলাই নাচোল থানায় একটি মামলায় দুই দিনের রিমান্ডে থাকা অবস্থায় পুলিশি হেফাজতে মারা যান আসামি মাহফুজুর রহমান।
/এমএ/