‘স্বাধীন বলেই ষোড়শ সংশোধনী বাতিল করতে পেরেছে বিচার বিভাগ’

মাহবুবউল আলম হানিফসরকার বিচার বিভাগকে কখনও নিয়ন্ত্রণ করেনি মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘শেখ হাসিনার সরকার স্বাধীন বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থাশীল। বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেই ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিতে পেরেছে।’ সোমবার (০৭ আগস্ট) দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একামেডিতে প্রতিবন্ধী, বিধবা ও বয়স্ক দুস্থ নারীদের ভাতা প্রদান অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন হানিফ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিল হয়ে যাওয়ার পর জাতীয় সংসদে এ নিয়ে আলোচনা হয়েছে। এর বাইরে কে কোন মন্তব্য করলো, তাতে কিছু যায় আসে না। এসব মন্তব্য দলীয় বা সরকারের কোনও সিদ্ধান্ত নয়।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা পুলিশ সুপার এসএম মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদিন, কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী প্রমুখ।

/এএম