দিনাজপুরের কাহারোলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শাখাওয়াত হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্ত শাখাওয়াতকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করেন। কাহারোল থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।
অভিযুক্ত শাখাওয়াত হোসেন দিনাজপুর গম গবেষণা কেন্দ্রের জামে মসজিদের ইমাম ও গড়নুরপুর মাদ্রাসার শিক্ষক।
স্থানীয়রা জানান, আজ সকাল ৮টার দিকে প্রতিদিনের মতো স্থানীয় মাদ্রাসায় পড়তে যায় ওই শিশু। এসময় অভিযুক্ত শাখাওয়াত সব শিশুকে ছুটি দিলেও ভিকটিমকে থেকে যেতে বলে। পরে সে তাকে ধর্ষণ করে।
পুলিশ জানায়, শিশু ধর্ষণের অভিযোগে শাখাওয়াতকে মারধর করে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে অভিযুক্তকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
ভিকটিমের স্বজনরা জানান, তারা অভিযুক্তের উপযুক্ত শাস্তি চান। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
এসআই এরশাদ আলী বলেন, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
দিনাজপুর মহিলা পরিষদের সভানেত্রী কানিজ রহমান বলেন, ‘আজ জাতীয় নারী নির্যাতন প্রতিরোধ দিবস। এই দিনে এর আগেও জেলায় ধর্ষণের ঘটনা ঘটেছে। আজ আবারও ঘটলো। বিচারহীনতার সংস্কৃতি থেকে যতদিন আমরা বেরিয়ে আসতে না পারবো ততদিন এমন ঘটনা ঘটতেই থাকবে।’
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী জানান, শাখাওয়াত হোসেনকে আসামি করে মামলা দায়ের করেছে ভিকটিমের পরিবার।