মিয়ানমারে গুলিবিদ্ধ আরও তিন রোহিঙ্গা চমেক হাসপাতালে

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (ফাইল ছবি)

মিয়ানমারের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গুলিবিদ্ধ আরও তিন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (২৮ আগস্ট) বিকাল ৩টার দিকে তাদের হাসপাতালে আনা হয়। চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলা উদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেন।

হাসপাতালে আনা তিন রোহিঙ্গা হলেন- জুনায়েদ (১৫), জান্নাতুল্লাহ (২০) ও খালেদ হোসেন (২৫)। এদের মধ্যে জুনায়েদের অবস্থা আশঙ্কাজনক।

আলা উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বিকাল তিনটার দিকে গুলিবিদ্ধ তিন রোহিঙ্গাকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে জুনায়েদের অবস্থা আশঙ্কাজনক। তার কপাল দিয়ে গুলি ঢুকে মাথার পেছন দিয়ে বের হয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘এই তিনজনসহ এখন পর্যন্ত ২০ জন রোহিঙ্গা চমেক হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে মুছা নামে একজন মারা যান। অন্যরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’