রাজশাহীতে জেএমবি সদস্যকে কারাগারে প্রেরণ

জেএমবিরাজশাহীর বাগমারা উপজেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী জামাআ’তুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য শাহীনুর রহমান শাহীনকে (৩৬) বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) বিকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (০৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার হামিরকুৎসা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। শাহীন ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।

রাজশাহীর বাগমারা থানার ওসি নাছিম আহম্মেদ জানান, ২০০৪ সালে বাগমারায় জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সময় শাহীন তার সঙ্গে থেকে এলাকার নিরীহ মানুষের ওপর নানাভাবে নির্যাতন করে। ওই সময় বাগমারা উপজেলার ভবানীগঞ্জ বাজারে জেএমবির সদস্যরা পুলিশের ওপর হামলা চালানোর সময় শাহীনসহ ৬৪ জন গ্রেফতার হয়। পরে হাজত থেকে বের হয়ে এসে শাহীন গোপানে লুকিয়েছিল।

ওসি আরও বলেন, শাহীনের বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে বাগমারা থানায় একাধিক মামলা রয়েছে।