কক্সবাজারের পরিবর্তে লালদিঘি ময়দানে মহাসমাবেশ করবে হেফাজত

হেফাজতে ইসলাম

৬ অক্টোবর কক্সবাজারের পরিবর্তে চট্টগ্রামের লালদিঘি ময়দানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম। মিয়ানমারে গণহত্যা বন্ধ এবং রোহিঙ্গা শরণার্থীদের ফেরত নেওয়ার দাবিতে ২৩ সেপ্টেম্বর এ কর্মসূচির ডাক দেয় দলটি।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদি এ তথ্য জানিয়েছেন। মহাসমাবেশের কারণে কক্সবাজার এলাকায় রোহিঙ্গাদের মাঝে সামগ্রিক ত্রাণ কার্যক্রম ব্যাহত হতে পারে, এমন আশঙ্কা থেকে প্রশাসনের অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন করা হয়েছে বলেও জানান তিনি।

আজিজুল হক ইসলামাবাদি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রশাসনের অনুরোধে আমরা মহাসমাবেশের স্থান পরিবর্তন করেছি। ৬ অক্টোবর চট্টগ্রাম নগরীর লালদিঘির মাঠে মহাসমাবেশের আয়োজন করা হচ্ছে।’ তিনি সবাইকে হেফাজতে ইসলামের সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান।

এর আগে ২৩ সেপ্টেম্বর চট্টগ্রামের হাটহাজারীতে দারুল উলুম হাটহাজারী মাদ্রাসায় অনুষ্ঠিত এক বিশেষ জরুরি সভায় হেফাজতে ইসলামের নেতারা ৬ অক্টোবর কক্সবাজার ঈদগাহ মাঠে মহাসমাবেশ করার সিদ্ধান্ত নেন। হেফাজত আমীর শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে ওই সভা হয়।

ওই দিন হেফাজতে ইসলামের পক্ষ থেকে জানানো হয়, মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর হত্যা ও অত্যাচার-নির্যাতন বন্ধ এবং তাদের নাগরিক অধিকার নিশ্চিত করে ওই দেশে ফিরিয়ে নেওয়ার দাবিতে মহাসমাবেশের ডাক দেওয়া হয়েছে।