পুটখালী সীমান্তে ১০ পিস সোনার বারসহ কলেজছাত্র আটক

পুটখালী সীমান্তে ১০ পিস সোনার বারসহ কলেজছাত্র আটকভারতে পাচারকালে বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১০ পিস সোনার বারসহ এক কলেজছাত্রকে আটক করেছে বর্ডার গার্ড। তার নাম রিপন হোসেন (১৮)।  মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুর দেড়টার সময় তাকে আটক করা হয়।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. তারিকুল হাকিম জানান, বিজিবি সদস্যরা পাচারের আগেই পুটখালী মসজিদ বাড়ি পোস্ট এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেনকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস সোনার বার জব্দ করা হয়।  

তিনি জানান, আটক সোনার সিজার মূল্য ৫০ লাখ টাকা।

তারিকুল হাকিম জানান, আটক পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।  এ ব্যাপারে বেনাপোল পোর্ট  থানায় একটি মামলা হয়েছে।

আটক রিপন হোসেন যশোর সদর উপজেলার ডুমদিয়া গ্রামের কামাল হোসেনের ছেলে।  তিনি বেনাপোল ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র।  পুটখালীর উত্তরপাড়ায় তার দুলাভাই রাশেদুল ইসলামের বাড়িতে থাকেন।  তিনি দীর্ঘদিন ধরে সোনা পাচারের সঙ্গে জড়িত বলে বিজিবি জানায়।

গত এক সপ্তাহে ভারতে পাচারের সময় কাস্টমস ও বিজিবি’র হাতে ৫ জন সোনা পাচারকারীসহ ৩৫ পিস সোনার বার আটক হলো।