বরিশালে চেক জালিয়াতির মামলায় পুলিশ সদস্যের কারাদণ্ড

আদালত

বরিশালে চেক জালিয়াতির মামলায় শফিকুল ইসলাম নামে এক পুলিশ সদস্যকে একবছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে আসামিকে ব্যাংকের ঋণ পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩১ অক্টোবর) যুগ্ম জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক এস এম আশিকুর রহমান আসামির অনুপস্থিতিতে একজনের সাক্ষ্য নিয়ে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশে নায়েক পদে কর্মরত রয়েছেন।

আদালত সূত্র জানায়, ২০১০ সালের ২০ জুলাই অগ্রণী ব্যাংকের বরিশাল নগরীর চকবাজার শাখা থেকে একলাখ টাকা ঋণ নেন শফিকুল ইসলাম। সময়ে সময়ে কিস্তি পরিশোধ না করায় সেই ঋণের পরিমাণ গিয়ে দাঁড়ায় একলাখ ৬৯ হাজার টাকায়। ব্যাংক থেকে একাধিকবার তাগিদ দেওয়া হলে ২০১৩ সালের ১৬ এপ্রিল শফিক তার অ্যাকাউন্টে একটি চেক জমা করেন। কিন্তু এক্ষেত্রে প্রতারণার আশ্রয় নেন শফিক। তাই ২৪ এপ্রিল চেকটি তাকে ফেরত পাঠানো হয়। ২৫ এপ্রিল তাকে একমাসের মধ্যে টাকা জমা দেওয়ার জন্য উকিল নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি (শফিক) নোটিশ অনুযায়ী টাকা জমা করেননি। এতে ২০১৩ সালের ৬ই জুন অগ্রণী ব্যাংক চকবাজার শাখার কর্মকর্তা আ ন ম বজলুর রশীদ শফিককে আসামি করে চেক জালিয়াতির অভিযোগে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। ২০১৫ সালের ১৫ নভেম্বর আদালতে আসামির বিরুদ্ধে এ মামলায় শফিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।