বিএনপি ক্ষমতায় থাকাকালে কৃষক ও কৃষির উন্নয়নের কথা ভাবেনি বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেছেন, ‘বর্তমান সরকার কৃষিবান্ধব। তাই এ সরকার কৃষির উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। সরকারের সময়োপযোগী নানান পদক্ষেপের কারণে কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব হয়েছে।’
বুধবার (১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে নীলফামারী সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার ১৫টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিনামূল্যে গম, সরিষার বীজ ও সার বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংস্কৃতিমন্ত্রী বলেন, ‘দেশের কৃষকরা আজ কৃষিতে বিপ্লব ঘটিয়ে গোটা দুনিয়ায় রেকর্ড সৃষ্টি করেছেন। বিএনপি ক্ষমতায় থাকাকালে এমন রেকর্ড হয়নি। কারণ, তারা কৃষক ও কৃষির উন্নয়নের চিন্তা করেনি। কিন্তু বর্তমান সরকার দেশের কৃষকদের কথা ভাবে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের কথা ভাবে। তাই এ সরকার নানান কর্মসূচিও গ্রহণ করেছে।’
আজ (বুধবার) কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় সদর উপজেলার কৃষকদের বিনামূল্যে বীজ, সার বিতরণ করা হয়। আর এ কর্মসূচির উদ্বোধন করেন আসাদুজ্জামান নূর।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ ইদ্রিস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাহিনুর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন ভুইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মুসফিকুল ইসলাম রিন্টু প্রমুখ।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসীন রেজা রুপম জানান, জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ১৪ হাজার ৭৪৮ জনকে প্রণোদনা ও ৮ হাজার ৩০০ কৃষককে পুনর্বাসনের জন্য বীজ, সার দেওয়া হবে।