জেএসসির উত্তরপত্র ফটোকপি করে বিক্রি, ব্যবসায়ীর কারাদণ্ড

গোপালগঞ্জগোপালগঞ্জে জেএসসি পরীক্ষার উত্তরপত্র ফটোকপি করে বিক্রির অভিযোগে সুরেশ বিশ্বাস (৩০) নামে এক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (০৮ নভেম্বর) গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. তাছলিমা আলী সাজা দেন। একইসঙ্গে ওই ব্যবসায়ীর ফটোকপির দোকানটিও সিলগালা করা হয়েছে।

গোপালগঞ্জের বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাজেদুর রহমান জানিয়েছেন, বৌলতলী-সাহাপুর সম্মিলনী উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষাকেন্দ্রে তথ্য, যোগাযোগ ও প্রযুক্তি বিষয়ে পরীক্ষার উত্তরপত্র দোকান মালিক সুরেশ বিশ্বাস বিক্রির জন্য ফটোকপি করছিল। পুলিশ এ খবর পেয়ে তাকে উত্তরপত্রসহ আটক করে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে সুরেশ বিশ্বাসকে দুই বছরের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।