ঠাকুরগাঁওয়ে শিশু হত্যার দায়ে দুই জনের যাবজ্জীবন

আদালত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চাঁদগাঁও এলাকার শিশু নাদিরা (৫) হত্যা মামলার আসামি মাজেদা ও তহমিনাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হামিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুই জনকে যাবজ্জীবন দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার আরও এক আসামি মহসিনকে খালাস দিয়েছেন আদালত।

আদালত সূত্র জানায়, বসতভিটার পাঁচ শতক জমি নিয়ে পীরগঞ্জ উপজেলার চাঁদগাঁও এলাকার মহসিনের সঙ্গে প্রতিবেশী মাজেদা খাতুনের বিরোধ ছিল। মাজেদা খাতুন ও তার সৎ ভাইয়ের স্ত্রী তহমিনা পূর্ব পরিকল্পনা অনুযায়ী মহসিনকে ফাঁসানোর জন্য ২০১৪ সালের ১৭ এপ্রিল প্রতিবেশী আব্দুল কুদ্দুসের শিশু কন্যা নাদিরাকে হত্যা করেন। এসময় আসামি মাজেদা ও তহমিনা এলাকায় গুজব ছড়ায়, মহসিন শিশু নাদিরাকে ধর্ষণ করে হত্যা করেছে। পরের দিন ধর্ষণ ও হত্যার অভিযোগে মহসিনকে আসামি করে পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নাদিরার বাবা আব্দুল কুদ্দুস। পরবর্তী সময়ে ফয়সাল নামে একজন আদালতকে জানান, নাদিরাকে হত্যা করেছেন মাজেদা ও তহমিনা। পুলিশ মাজেদাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তিনি অপরাধ স্বীকার করেন। পরে মাজেদা আদালতেও ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন।