হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকীতে নুহাশ পল্লীতে নানা কর্মসূচি





হুমায়ূন আহমেদজনপ্রিয় কথা সাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদের ৬৯তম জন্মবার্ষিকী সোমবার। এ উপলক্ষে লেখকের নিজ হাতে গড়া গাজীপুর সদর উপজেলার পিরুজালীতে স্বপ্নের ‘নুহাশ পল্লী’তে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে রবিবার রাত ১২টা ১ মিনিটে কেক কাটা, পুরো নুহাশ পল্লীকে আলোকসজ্জায় সজ্জিতকরণ ও মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ।


নুহাশ পল্লীর ব্যবস্থাপক সাইফুল ইসলাম বুলবুল জানান, হ‌ুমায়ূন আহমেদের জন্মবার্ষিকী উপলক্ষে নুহাশ পল্লীর পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হবে। সোমবার সকালে হ‌ুমায়ূন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন তার ছেলে নিষাদ ও নিনিতকে নিয়ে নুহাশ পল্লীতে মরহুমের কবর জিয়ারত ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
এদিকে, হ‌ুমায়ূন আহমেদের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে তার ভক্তদের সংগঠন হিমু পরিবহনের উদ্যোগে গাজীপুরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে ক্যান্সার সচেতনতামূলক ৩০ জনের একটি সাইকেল র‌্যালি জেলা শহর থেকে নুহাশ পল্লীতে যাবে। পথে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হবে। সংগঠনের ১৫ সদস্যের অপর একটি দল ঢাকা থেকে খালি পায়ে হেঁটে নুহাশ পল্লীতে যাবে।
বিকালে গাজীপুর জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
জনপ্রিয় লেখক ও কথা সাহিত্যিক হ‌ুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই ৬৪ বছর বয়সে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ২৪ জুলাই গাজীপুর সদর উপজেলার পিরুজালী এলাকায় অবস্থিত স্বপ্নের নুহাশ পল্লীর লিচু গাছ তলায় হ‌ুমায়ূন আহমেদের মরদেহ দাফন করা হয়।