সড়ক দুর্ঘটনায় আহত সালথার ইউএনওকে ঢাকায় প্রেরণ





মোবাশ্বের হাসানসড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ফরিদপুরের সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবাশ্বের হাসানকে হেলিকপ্টার যোগে ঢাকায় পাঠানো হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সকালে প্রথমে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়।


ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রভাংশু সোম মহান ও সহকারী কমিশনার (ভূমি) পারভেজ মল্লিক জানান, মোবাশ্বের হাসানের অবস্থা আশঙ্কামুক্ত নয়। উন্নত চিকিৎসার প্রয়োজনে বিকাল ৩টার দিকে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রশাসনিক সভায় যোগ দিতে সালথা থেকে ফরিদপুরে যাচ্ছিলেন ইউএনও মোবাশ্বের হাসান। পথে উপজেলার গট্টি ইউনিয়নের দিয়াপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাকে বহনকারী সরকারি জিপগাড়িটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তিনি ও গাড়ির চালক হাসমত আহত হন।