সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রী নিখোঁজ, থানায় জিডি

নারায়ণগঞ্জনারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকায় আফসানা (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। সে সিদ্ধিরগঞ্জের গোদনাইল স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। এ ব্যাপারে থানায় একটি িসাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার বাবা।  সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে বাসা থেকে স্কুলের জন্য বের হয়ে আর বাসায় ফিরে আসেনি আফসানা। এ বিষয়ে এলাকায় মাইকিং করাসহ নানাভাবে খুঁজেও তাকে পাওয়া যায়নি। এ ঘটনায় বুধবার দুপুরে আফসানার পিতা মো. আশ্রাফুল ইসলাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

স্কুলছাত্রী আফসানার বাবা মো. আশ্রাফুল ইসলাম জানান, আফসানার তার স্কুল ব্যাগটি বাসার পাশের এক জায়গায় পাওয়া গেছে। আমরা বিভিন্ন স্থানে খুঁজেছি কিন্তু আফসানার সন্ধান পাচ্ছি না।

নিখোঁজ আফসানা সিদ্ধিরগঞ্জের গোদনাইল আরামবাগ এলাকার বাসিন্দা।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আব্দুস সাত্তার জানান, স্কুল ছাত্রী নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে তদন্ত করছে এবং ছাত্রীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।