রংপুরে দেয়াল টপকে বাড়িতে ঢুকে বিএনপির দুই নেতাকে ধরল পুলিশ

আটকের পর দুই নেতাকে নিয়ে যাচ্ছে পুলিশখালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে আয়োজিত সমাবেশের পর রংপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজুসহ দুই নেতাকে আটক করেছে পুলিশ। একটি বাড়িতে তারা আত্মগোপন করলে দেয়াল টপকে ঢুকে তাদের আটক করা হয়। শনিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর গ্র্যান্ড হোটেল মোড়ে দলীয় কার্যালয় থেকে বিকাল সাড়ে ৫টার দিকে মিছিল নিয়ে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ বিএনপি নেতাকর্মীদের বাধা দেয়। এতে তারা কার্যালয়ের সামনেই সমাবেশ করেন। সেখানে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু,  জেলা সম্পাদক রইছ আহাম্মেদ প্রমুখ। বক্তারা খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি এবং তারেক রহমানের নামে মামলা প্রত্যাহারের দাবি জানান।

রংপুরে বিএনপি নেতাদের ধরতে দেয়াল টপকে বাড়িতে ঢুকছে পুলিশসমাবেশ শেষ করে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মিজু ও সহ-প্রচার সম্পাদক দীপু দলীয় কার্যালয় থেকে চলে যাওয়ার সময় পুলিশ তাদের পিছু নেয়। এতে তারা পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পুলিশ দেয়াল টপকে ওই বাড়িতে ঢুকে তাদের আটক করে গাড়িতে তুলে নিয়ে যায়।

রংপুরে বিএনপি নেতাদের ধরতে পুলিশের তৎপরতাএ ব্যাপারে মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন অভিযোগ করেন, পুলিশ কোনও অভিযোগ ছাড়াই মহানগর সম্পাদক মিজুসহ দুই নেতাকে আটক করে নিয়ে গেছে। তিনি অবিলম্বে তাদের মুক্তির দাবি জানান।

কোতোয়ালী থানার এস আই এরশাদ আলীর কাছে সাংবাদিকরা ওই দুই নেতাকে আটকের কারণ জানতে চাইলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।