স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে এসে ধামরাই কলেজের ২য় বর্ষের ছাত্র সজীব ইসলাম বলেন, ‘স্বাধীনতার ৪৭ বছর পার হয়ে গেছে। তবে এখনও সন্ত্রাসী ও জঙ্গিরা বিভিন্ন সময় নাশকতামূলক কার্যক্রম চালিয়ে মাথাচাড়া দিয়ে জেগে ওঠার চেষ্টা করছে । লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষার জন্য সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের কোনও বিকল্প নেই।
মানিকগঞ্জ থেকে আসা রায়হান, শরীফ ও বিজয় জানান তারা প্রতি বছরই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করতে আসেন । তারা জানান, দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তবে দেশবিরোধীরা এখনও দেশকে পিছিয়ে নেওয়ার চেষ্টা করছে । আজকের এই দিনে সকল অপশক্তিকে ধ্বংস করে বাংলাদেশ এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
স্থানীয় যুবলীগ নেতা শামীম মন্ডল, জয়, নুরুল আমিন ও ইয়াকুব মন্ডল জানান, দেশ এখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে । বাংলাদেশ সামনে আরও উন্নতি করবে বলে প্রত্যেক বাঙালি বিশ্বাস করে। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা রক্ষার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
এছাড়াও সোমবার সকালে সাভারের স্মৃতিসৌধে ফুল দিতে আসা বিভিন্ন শ্রেণিপেশার মানুষ দেশের উন্নয়ন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।