সরাসরি রায় দেখে চোখে জল রোহিঙ্গাদের, দুই হাত তুলে মোনাজাত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ১৮:২৭ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৮:২৭

চোখে জল, দুই হাত তুলে মোনাজাত। কেউ নীরবে কাঁদছেন, কেউ পর্দায় তাকিয়ে অপেক্ষা করছেন আদালতের রায়ের। সবার প্রার্থনা—দীর্ঘদিনের নির্যাতনের বিচার হোক, যেন নিরাপদে ফিরতে পারেন নিজ ভিটেমাটিতে। অবশেষে সেই প্রত্যাশিত রায় তাদের পক্ষে এলো। এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার পাওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরার পথ খুললো বলে আশা করছেন তারা। এবার তাদের ঘরে ফেরার পালা।

২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো নির্যাতনের ঘটনায় মিয়ানমারকে ‘গোষ্ঠী নিধনের (জেনোসাইড) লক্ষ্য’ নিয়ে নির্বিচার মানুষ হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। সাত বছর ধরে বিচারকাজ শেষে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করেছেন।

নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে অবস্থিত এ আদালতের সভাপতি বিচারক ইয়াসাওয়া ইয়ুজি বলেছেন, ২০১৭ সালের তথাকথিত ক্লিয়ারেন্স অপারেশনে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে। তারা ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, শিশুদের ওপর চরম সহিংসতা করেছে এবং বিপুলসংখ্যক রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাদের ওপর হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে করা রোহিঙ্গা গণহত্যা মামলার চূড়ান্ত রায় ঘোষণা সরাসরি বড় পর্দায় (এলইডি মনিটর) দেখেছেন কক্সবাজারের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা। রায় সরাসরি সম্প্রচার দেখতে উখিয়া-টেকনাফের শরণার্থী শিবিরগুলোতে আয়োজন করেছেন রোহিঙ্গা নেতারা।

উখিয়ার ১, ১৩ ও ১৫ নম্বর ক্যাম্পসহ প্রায় সব শিবিরেই রায় দেখার আয়োজন করা হয়। একসঙ্গে বসে আদালতের কার্যক্রম দেখেছেন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুরা। কোথাও রায় দেখার পাশাপাশি মোনাজাত করেছেন তারা, কোথাও চোখের পানি ফেলে দেশে ফেরার আকুতি জানিয়েছেন। রাষ ঘোষণার পর আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছেন—ন্যায়বিচারের পাশাপাশি যেন নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ তৈরি হয় এবার।

রোহিঙ্গাদের কাছে এই রায় শুধু একটি আন্তর্জাতিক মামলার সিদ্ধান্ত নয়; ২০১৭ সালে রাখাইনে সামরিক অভিযানে স্বজন হারানো, বাড়িঘর ছেড়ে পালানো এবং প্রায় নয় বছর ধরে শরণার্থীজীবন কাটানোর বেদনা এর সঙ্গে জড়িয়ে আছে। আদালতের কার্যক্রম যখন সরাসরি সম্প্রচার চলছিল তখন আদালতকক্ষে মিয়ানমারের প্রতিনিধিদলের নেতৃত্বে থাকা কো কো হ্লাইংকেও দেখা গেছে।

রায় পাঠের শুরুতে ২০১৭ সালের অভিযানে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে হাজার হাজার রোহিঙ্গা বেসামরিক নাগরিক হত্যার বিষয়টি উঠে আসে। আদালতের পর্যবেক্ষণে ব্যাপক যৌন সহিংসতা, শিশুদের ওপর সহিংসতা এবং বাংলাদেশে পালিয়ে আসার সময়ও রোহিঙ্গাদের ওপর হামলার বিষয় উল্লেখ করা হয়।

কেউ নীরবে কাঁদছেন, কেউ পর্দায় তাকিয়ে অপেক্ষা করছেন আদালতের রায়ের

ন্যায়বিচার পেয়েছি, এবার ঘরে ফেরার পালা

ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গা (ইউসিআর) সংগঠনের সাবেক সভাপতি সৈয়দ উল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রায় এক দশক ধরে ন্যায়বিচারের অপেক্ষায় আছি আমরা। অবশেষে ন্যায়বিচার পেলাম আমরা। এখন আমাদের সসম্মানে ঘরে ফেরার পালা। আদালতের পর্যবেক্ষণে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর হাতে রোহিঙ্গাদের ওপর গণহত্যা এবং ব্যাপক যৌন সহিংসতার বিষয়টি প্রমাণিত হয়েছে। আমরা চাই, শুধু রায় ঘোষণা নয়, এই রায় বাস্তবায়ন করা হোক। আন্তর্জাতিক সম্প্রদায়কে এ বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে হবে। মিয়ানমারের ওপর চাপ বাড়িয়ে আমাদের ঘরে ফেরা নিশ্চিত করতে হবে। এই রায়ের মধ্য দিয়ে আমাদের দেশে ফেরার পথ সুগম হলো। এখন আর মিয়ানমারের কোনও টালবাহানা শুনতে চাই না। ঘরে ফিরতে চাই।’

ফ্রি রোহিঙ্গা কোয়ালিশনের সহ-প্রতিষ্ঠাতা নে সান লুইনের ভাষ্যমতে, প্রকৃত ন্যায়বিচার মানে শুধু আদালতের রায় নয়; এর সঙ্গে পরিচয়ের স্বীকৃতি, নাগরিকত্ব, হারানো অধিকার ফিরে পাওয়া এবং নিরাপদে নিজ দেশে ফেরার সুযোগ জড়িত।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নাসির উদ্দিন বলেন, ‌‌‘আইসিজের এই রায় রোহিঙ্গাদের দাবির পক্ষে শক্তিশালী আন্তর্জাতিক আইনি ভিত্তি তৈরি করেছে। এখন যেহেতু রায় তাদের পক্ষে হয়েছে সেহেতু প্রত্যাবাসন শুরু করতে হবে। ধীরে ধীরে সব রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে হবে।’

তবু প্রত্যাবাসন অনিশ্চিত

বাংলাদেশে সফর শেষে বুধবার ঢাকায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতিবিষয়ক জাতিসংঘের বিশেষ র‌্যাপোর্টিয়ার কেলি ই. কারি। তিনি বলেছেন, ‘এই রায় রোহিঙ্গা জনগোষ্ঠী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ। রায়ের পর জাতিসংঘের সদস্যদেশগুলোর দায়িত্ব হবে তা বাস্তবায়নে সহযোগিতা করা।’

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেছেন, ‘আইসিজের রায় রোহিঙ্গাদের পরিচয় ও অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে মিয়ানমারের পক্ষ থেকে রোহিঙ্গাদের বহিরাগত হিসেবে উপস্থাপনের বয়ানের বিরুদ্ধে আন্তর্জাতিক ভিত্তি তৈরি হলো। তবে আইসিজের রায় সরাসরি রোহিঙ্গাদের নাগরিকত্ব দেবে না কিংবা প্রত্যাবাসনের দিনক্ষণ নির্ধারণ করবে না। রাখাইনে নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত না হলে প্রত্যাবাসনও টেকসই হবে না। এই রায় প্রত্যাবাসন নিশ্চিত করবে, এমনটি বলা যায় না। তবে প্রত্যাবাসনের পথ সুগম হলো।’

২০১৯ সালে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ধ্বংস করার চেষ্টার অভিযোগ এনে মামলাটি দায়ের করেছিল। ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে দোষী ঘোষণা করা, রোহিঙ্গাদের লক্ষ্য করে সব অবৈধ কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া এবং গণহত্যার জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার আবেদন জানিয়েছিল দেশটি।

অন্যদিকে মিয়ানমার দাবি করে আসছে, আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) যোদ্ধারা পুলিশ চৌকিতে হামলা চালানোর জবাবে তারা ওই অভিযান চালিয়েছিল।

জাতিসংঘের তথ্যমতে, বাংলাদেশের কক্সবাজারের শরণার্থীশিবিরে থাকা ১২ লাখসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে বর্তমানে ১৩ লাখের বেশি রোহিঙ্গা বাস্তুচ্যুত অবস্থায় রয়েছে। সংঘাত, মানবিক সহায়তা কমে যাওয়া এবং বিপজ্জনক সমুদ্রযাত্রা এখনও এই জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত ও অরক্ষিত করে রেখেছে।

/এএম/ 
সম্পর্কিত
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে
আইসিজের রায় রোহিঙ্গাদের দুর্ভোগের দীর্ঘ প্রতীক্ষিত স্বীকৃতি: এইচআরডব্লিউ
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে মিয়ানমার, রায় আইসিজের
সর্বশেষ খবর
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে
রোহিঙ্গাদের ক্ষতিপূরণ দিতে বাধ্য মিয়ানমার: আইসিজে
বায়তুল মোকাররমেরসাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে
চুরি-হত্যাচেষ্টার অভিযোগ বায়তুল মোকাররমেরসাবেক খতিব রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে
নেপাল গেলো বাংলাদেশের যুবারা
নেপাল গেলো বাংলাদেশের যুবারা
কারাগারে জ্যোতিকা জ্যোতি, ছিলেন অশ্রুসিক্ত
কারাগারে জ্যোতিকা জ্যোতি, ছিলেন অশ্রুসিক্ত
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা