সিটি নির্বাচন উপলক্ষে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। ফুটপাত দখলমুক্ত করা, ড্রেনেজ ও আবর্জনা ব্যবস্থাপনা উন্নয়নের জন্যও নাগরিকরা (প্রশ্নকর্তা) জোরালো দাবি জানান।
শনিবার (২৮ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় গাজীপুর মহানগরের শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ নম্বর ওয়ার্ডের নাগরিকেরা সাধারণ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের কাছে ওই দাবিগুলো তুলে ধরেন।
বর্তমান কাউন্সিলর ও প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. হান্নান মিয়া হান্নুর (ঘুড়ি) কাছে প্রশ্ন করেন তরকারি বিক্রেতা বাচ্চু শেখ। তিনি জানান যে, ‘তিনি নিজেই নীরব চাঁদাবাজি ও সন্ত্রাসের শিকার হয়েছেন। এখনও হচ্ছেন। তার প্রশ্ন কাউন্সিলর নির্বাচিত হয়ে সন্ত্রাসী-চাঁদাবাজদের কীভাবে নিয়ন্ত্রণ করবেন? জবাবে হান্নান মিয়া হান্নু বলেন, ‘শহীদ স্মৃতি স্কুল মাঠেই মাথায় কাফনের কাপড় বেঁধে পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিকেরা উম্মুক্ত সমাবেশ করে সন্ত্রাসী চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করেছে। ভবিষ্যতে নির্বাচিত হলে এলাকার নাগরিক, জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনকে সঙ্গে নিয়ে কঠোর হস্তে সন্ত্রাস চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করবেন।
কাউন্সিলর প্রার্থী আব্দুল করিমের (ঠেলাগাড়ি) কাছে পশ্চিম জয়দেবপুর এলাকার ভোটার হাবিবুর রহমান জানতে চান, নারী উত্ত্যক্তকারী,মাদক বিক্রেতা ও সেবনকারীদের নির্মূলে তিনি কীভাবে ভূমিকা রাখবেন। জবাবে আব্দুল করিম বলেন, ‘কমিউনিটি পুলিশিং ব্যবস্থা গঠন করে এলাকার জনসাধারণকে সঙ্গে নিয়ে তাদের প্রতিহত করা হবে।’
প্রার্থী এ এম এম মোশারফ হোসেনের (ঠেলাগাড়ি)কাছে প্রশ্ন রাখেন আইনজীবী জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘জয়দেবপুর শহরের ফুটপাতগুলো দখল হয়ে গেছে। পথচারীদের হাঁটার জায়গা নেই। ফুটপাতের উন্নয়নে তিনি কোনও ভূমিকা রাখবেন কিনা? জবাবে প্রার্থী এ এম এম মোশারফ হোসেন বলেন, ‘আগে জনপ্রতিনিধিকে সৎ হতে হবে। আমি অনেকদিন প্রবাসে ছিলাম । সেখান থেকে অর্জিত অভিজ্ঞতা, সততা ও শিক্ষা দিয়ে নগরীতে পরিচ্ছন্ন, পরিকল্পিত ও হাঁটার উপযোগী ফুটপাত প্রতিষ্ঠা করবো।’
প্রসঙ্গত, বেশিরভাগ প্রশ্নকর্তা প্রত্যেক প্রার্থীর কাছে ড্রেনেজ সমস্যা ও যানজট নিয়ে প্রশ্ন করেন। জবাবে প্রত্যেক প্রার্থী এ সমস্যা মোকাবিলার জন্য মহানগরের কেন্দ্রীয় পরিকল্পনার সঙ্গে নিজেদের পরিকল্পনা যোগ করে সমস্যা সমাধানের আশ্বাস দেন।
সবশেষে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা নির্বাচনের পরও এলাকার উন্নয়নে কাজ করা এবং নাগরিকেরা তাদের সহযোগিতা করবে বলে দাঁড়িয়ে ঐক্যবদ্ধ প্রতিজ্ঞা করেন।
গাজীপুর মহানগর সুজনের সভাপতি মনিরুল ইসলাম রাজীবের সভাপতিত্বে ও সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মুর্শিকুল ইসলাম শিমুলের পরিচালনায় ‘জনগণের মুখোমুখি’ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর সুজনের সাধারণ সম্পাদক রুহুল আমীন সজীব, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী খন্দকার নূরুন্নাহার সরকার প্রমুখ।