নারীর জীবনমানের উন্নয়নে বিশেষ পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী তালুকদার আব্দুল খালেক। তিনি বলেছেন, ‘আমি নির্বাচিত হলে বিশেষ প্রকল্প হাতে নিয়ে নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করবো।’ এদিকে, সুখে-দুঃখে সবার পাশে থাকার অঙ্গীকার করে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ‘আমি নির্বাচিত হলে খুলনাকে শ্রমিকবান্ধব নগরী বানাবো।’
নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বুধবার (২ মে) বিভিন্ন এলাকায় গণসংযোগ করার সময় তালুকদার আব্দুল খালেক ও নজরুল ইসলাম মঞ্জু এই অঙ্গীকার করেন।
তালুকদার আব্দুল খালেক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতত্বাধীন সরকার কর্মক্ষেত্রে পুরুষের পাশাপাশি নারীদের অংশগ্রহণ নিশ্চিত করেছে। আগের যেকোনো সময়ের চেয়ে নারীরা এখন কর্মক্ষেত্রে বেশি সুযোগ-সুবিধা ভোগ করছেন। নানা পেশায় কাজ করে তারা নিজেদের আর্থিক অবস্থা পাল্টাচ্ছেন। আমি নির্বাচিত হলে তাদের জন্য বিশেষ প্রকল্প হাতে নিয়ে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করবো।’
এদিকে, বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘এই শহরের সব শ্রেণি-পেশার মানুষের সুখ-দুঃখের সাথী হিসেবে অতীতে আমি পাশে ছিলাম, বর্তমানে পাশে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকবো। শহরবাসীর রায়ে আমি মেয়র নির্বাচিত হলে খুলনা হবে শ্রমিকবান্ধব নগরী।’
তালুকদার আব্দুল খালেক নগরীর ৯, ১২, ১৪, ২২, ২৩, ২৪, ২৭ ও ২৮নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এসময় তার সঙ্গে ছিলেন– খুলনা মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মনিরুজ্জামান মনি, নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ মো. ফারুক আহমেদ, নগর আওয়ামী লীগ নেতা ও ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী শেখ মোশাররফ হোসেন, রায়ের মহল (অনার্স) কলেজের অধ্যক্ষ ড. আবুল কালাম আজাদ, সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী অ্যাড. মেমরী সুফিয়া রহমান শুনু, খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) সাধারণ সম্পাদক মো. শাহ আলম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এনায়েত আলী আলো কাজী, সাধারণ সম্পাদক শাহজাহান জমাদ্দার, সাবেক ছাত্রনেতা শেখ ফারুক হাসান হিটলু, নগর ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মশিউর রহমান সুমন, আওয়ামী লীগ নেতা মৃধা বেলায়েত হোসেন, মহিলা আওয়ামী লীগ নেত্রী তাসলিমা আক্তার লিমা, রোজিনা আক্তার লাকি, তৌহিদা ইয়াসমিন লীনা, যুবলীগ নেতা ইয়াসিন আরাফাত, থানা ছাত্রলীগ সভাপতি মো. রাশেদুল ইসলাম প্রমুখ।
এদিকে, নজরুল ইসলাম মঞ্জু নগরীর ৬, ৯, ১১, ১৭, ২৩, ২৫, ২৬ ও ৩০ ওয়ার্ডের কিছু এলাকায় গণসংযোগ ও পথসভা করেন। এসময় তার সঙ্গে ছিলেন– বিএনপির সাবেক সংসদ সদস্য (এমপি) কাজী সেকেন্দার আলী ডালিম, সাবেক এমপি শাহাদাত হোসেন, বিজেপি সভাপতি অ্যাড. লতিফুর রহমান লাবু ও সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সেন্টু, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, মোল্লা আবুল কাশেম, অ্যাড. বজলুর রহমান, শাহজালাল বাবলু, স ম আব্দুর রহমান, ফখরুল আলম, অ্যাড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, ম শা আলম, মো. আশরাফ হোসেন, আবুল কালাম জিয়া, মো. নুরুল হক, মো. বিল্লাল হোসেন, রুস্তম আলী, মনির হোসেন, শাহ আলম, দেলোয়ার হোসেন, ইদ্রিস আলী, টুকু কাজী, মো. সেলিম, সোহরাব হোসেন, বাচ্চু মিয়া, সাঈদ মহিউদ্দিন বাবু, আবুল কালাম প্রমুখ।