বৈঠক করার সময় মেহেরপুরের গাংনী উপজেলার আনন্দবাস গ্রাম থেকে জেলা জামায়াতের সাধারণ সম্পাদকসহ ৭ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৪ মে) সকালে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকারের নেতৃত্বে তাদের গ্রেফতার করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- জেলা জামায়াতের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুল আলম (৫৫), গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম (৬০), জামায়াত কর্মী আব্দুর রহিম (৫৫), আব্দুল খালেক (৫২), হাসেম আলী (৪৫), নাসির উদ্দীন (৫৮) ও মহিবুল ইসলাম (৫১)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার বলেন, ‘আনন্দবাস গ্রামের আব্দুর রহিমের বাড়িতে সকালে বৈঠক চলছে- এ ধরনের খবর পায় পুলিশ। নাশকতার পরিকল্পনা করতে পারে এমন সন্দেহে তাদের আটক করা হয়েছে। তাদের নামে মামলা দায়ের করে মেহেরপুর আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।’
তবে আটক হওয়া রবিউল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘কোরআন পাঠের নিয়মিত কর্মসূচি হিসেবে ওই বাড়িতে গিয়েছিলাম। পুলিশ মিথ্যা অভিযোগে আমাদের আটক করেছে।’