খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগ মনোনীত ছয়জন কাউন্সিলর প্রার্থী জামানত হারিয়েছেন। এদিকে দলের মনোনয়ন না পেয়েও নির্বাচনে অংশ নেওয়া সাতজনের মধ্যে বিজয়ী হয়েছেন চারজন বিদ্রোহী প্রার্থী। কেসিসি নির্বাচনের ফলাফল পর্যালোচনা করে এ চিত্র পাওয়া গেছে।
ফলাফলে দেখা যায়, সাধারণ ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ আব্দুর রাজ্জাক ৩৫৪৩ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এখানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাহাদাৎ মিনা ৩৩৫১ ভোট পেয়েছেন।
২ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. শাকিল আহমেদ ২৪২ ভোট পেয়ে জামানত হারালেও দলের বিদ্রোহী প্রার্থী এফ এম জাহিদ হাসান জাকির ১০২২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।
৫ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. হারুন অর রশীদ ১০৬ ভোট পেয়ে জামানত হারালেও দলের ২ জন বিদ্রোহীর মধ্যে শেখ মোহাম্মদ আলী ৩০৮৭ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন এবং অপর বিদ্রোহী প্রার্থী শেখ কামরুজ্জামান ১৩৮৩ ভোট পেয়ে জামানত রক্ষা করেছেন।
৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত শাহ মো. ওয়াজেদ আলী মজনু ১০০৭ ভোট পেলেও জামানত বাঁচাতে পারেনি।
৯ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হায়দার আলী ২০৮৯ ভোট পেয়ে জামানত রক্ষা করেছেন। এখানে আওয়ামী লীগের বিদ্রোহী এমডি মাহফুজুর রহমান লিটন ৫৬৮৩ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
১০ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত এস এম সায়েম মিয়া ১৫৮৯ ভোট পেলেও জামানত হারিয়েছেন। এখানে বিদ্রোহী প্রার্থী কাজী তালাত হোসেন কাউট ৫৯১৭ ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
১৮ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত টি এম আরিফ ১৪৭৪ ভোট পেয়ে জামানত বাঁচাতে পারেননি। কিন্তু বিদ্রোহী প্রার্থী এস এম রাজুল হাসান রাজু ৩৮২৯ ভোট পেয়ে জামানত রক্ষা করেছেন।
২৬ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শেখ আব্দুল আজিজ ৯৮৮ ভোট পেয়ে জামানত হারিয়েছেন।