কসবা সীমান্তে ১৭ রোহিঙ্গা আটক

ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া কসবা সীমান্ত এলাকা থেকে নারী ও শিশুসহ ১৭ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি সদস্যরা। বৃহস্পতিবার (৮ জুন) বিকালে উপজেলার নয়নপুর এলাকা থেকে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধীনস্থ সালদানদী বিওপি ক্যাম্প সদস্যরা তাদের  আটক করে। পরে সন্ধ্যার পর তাদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আখাউড়া-কসবা সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিম এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকদের মধ্যে ৫ জন পুরুষ, ৭ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছে। তারা হলেন- মো আমানউল্লাহ (২৭), মোছা. আছিয়া বেগম (২৩), মো. আলী আহসান (৬০), আনোয়ারা বেগম (২৫), মো. নুর মোহাম্মদ (২৮), খোরশিদা বেগম (২০),  জুবায়ের হোসেন (১২), মো. ইমরান (৮), মো. রফিক (১২), সোনা বেগম (৬০), নুরজাহান (৪৫), মো. জুবায়ের (৭)  ও আরও বেশ কয়েকজন।

এ ব্যাপারে কসবা থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান জানান, আটক ব্যক্তিরা পুলিশের কাছে দাবি করেছেন যে- কক্সবাজারের পালনখালি ক্যাম্পে তাদের আত্মীয়-স্বজন আছে। ভারত হয়ে তারা তাদের স্বজনদের কাছে যাওয়ার চেষ্টা করছিলেন।পরে বাংলাদেশে অনুপ্রবেশের পর বিজিবি তাদের আটক করে।

জানা যায়, থানায় সোপর্দ করা ১৭ জন রোহিঙ্গাকে মেডিক্যাল পরীক্ষাসহ খাওয়া-দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাতেই পুলিশি প্রহরায় উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে তাদের পাঠানোর প্রস্ততি নেওয়া হয় বলেও জানা গেছে।