রাজশাহী সিটি নির্বাচনে জাপার মেয়র প্রার্থী ওয়াসিউর রহমান

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলীয় মেয়র পদপ্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। রাজশাহী মহানগর জাপার সহসভাপতি ও জাতীয় যুব সংহতির মহানগর কমিটির সভাপতি ওয়াসিউর রহমান ওরফে দোলনকে পার্টির মেয়র পদপ্রার্থী করা হয়েছে। পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ তাকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছেন।

মঙ্গলবার (২৬ জুন) দুপুর দেড়টার দিকে রাজধানীর বনানীতে নিজের কার্যালয়ে ওয়াসিউর রহমান দোলনের হাতে মনোনয়ন ফরম তুলে দেন হুসেইন মুহম্মদ এরশাদ। এসময় মহানগর জাপার সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম, সিনিয়র সহসভাপতি লুৎফর রহমান ও যুগ্ম সম্পাদক শাহিনুল ইসলাম শাহিনসহ আরও কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর জাপার সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম জানান, পার্টির চেয়ারম্যান তাদের নির্বাচনের মাঠে নামার নির্দেশ দিয়েছেন। তিনি (এরশাদ) বলেছেন- মানুষ আওয়ামী লীগ, বিএনপির বৃত্তের বাইরে যেতে চায়। এজন্য তারা যোগ্য প্রার্থী খোঁজে। রাজশাহীর জাপা নেতা দোলন অবশ্যই একজন যোগ্য প্রার্থী।

জানা যায়, ২০০৮ সালে রাজশাহী সিটি নির্বাচনে মহানগর জাপার তৎকালীন সভাপতি নুরুল হুদা মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

এ ব্যাপারে মহানগর জাপার সাংগঠনিক সম্পাদক সরদার মোহম্মদ জুয়েল হোসেন বলেন, ‘রাজশাহী পৌরসভা থেকে সিটি করপোরেশন, পশ্চিমাঞ্চল রেলওয়ের সদর দফতর, বিমানবন্দর, কেন্দ্রীয় বাস টার্মিনাল, পোস্টাল অ্যাকাডেমি, বিভাগীয় স্টেডিয়াম, বাংলাদেশ ব্যাংক ভবন ও রাস্তায় সোডিয়াম বাতি স্থাপন জাতীয় পার্টির আমলে হয়েছে। রাজশাহীজুড়ে রয়েছে পল্লীবন্ধু এরশাদের অবদান। সেই বিবেচনায় রাজশাহীর মানুষ তার প্রার্থীকে ভোট দেবে।’

জাপার মেয়র প্রার্থী ওয়াসিউর রহমান দোলন বলেন, ‘নির্বাচন নিয়ে নেতাকর্মীরা উজ্জ্বীবিত। আমরা জয়ী হবো। দুপুরে আমি ঢাকায় দলীয় মনোনয়ন ফরম হাতে নিয়েছি। আর বিকালে স্থানীয় নেতারা রাজশাহীতে আমার পক্ষে নির্বাচন কমিশনের মনোনয়নপত্র তুলেছেন। আমি ঢাকা থেকে ফিরে মনোনয়নপত্র জমা দেবো। তারপর নির্বাচনের মাঠে নামবো।’