গৃহকর্মীকেও সব সুযোগ-সুবিধা দিতে হবে: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী

টাঙ্গাইলে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী (বামে)শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক এমপি বলেছেন, ‘একজন গৃহকর্মীকেও সব ধরণের সুযোগ-সুবিধা দিতে হবে। তাকে দিয়ে অতিরিক্ত কাজ করাতে পারবেন না। আপনি একজন সরকারি কর্মচারী, আপনার ডিউটি আট ঘন্টা, সাপ্তাহিক ছুটিও রয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, অতিরিক্ত কাজ করলে আপনার ওভার টাইম আছে। আপনার পড়ালেখার সুযোগ আছে, বিদেশ ভ্রমণেরও সুযোগ রয়েছে। তাহলে আপনার গৃহকর্মীর কেন সময় নির্ধারণ করা হবে না। তারও ছুটির ব্যবস্থা করতে হবে। তারও তো অধিকার আছে।’

মঙ্গলবার (৭ আগস্ট) টাঙ্গাইলে ‘ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন এবং গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫’ বাস্তবায়ন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘স্বাধীন দেশে আপনার আমার অধিকারের জন্য যুদ্ধ করবো। কিন্তু তাদের অধিকার কে দেবে। আমাদের সচেতন হতে হবে। আমাদের মন-মানসিকতা ঠিক করতে হবে। তাহলেই আমরা গৃহকর্মীদের মূল্যায়ন করতে পারবো।’

ব্যুরো বাংলাদেশ টাঙ্গাইলের হল রুমে আয়োজিত কর্মশালায় টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ নেছার উদ্দিন জুয়েলের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আফরোজা খান, অতিরিক্ত সচিব খোন্দকার মোস্তান হোসেন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের মহাপরিদর্শক শামছুজ্জামান ভুইয়া প্রমুখ। জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তাসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন। পরে দুস্থ, পঙ্গু ও অসহায় শ্রমিক এবং গৃহকর্মী ১৭ জনের মধ্যে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সহযোগিতায় ৬ লাখ টাকা আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

আরও পড়ুন- মুক্তিযোদ্ধাদের চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে টাকা দিয়ে রাখা হবে: মোজাম্মেল হক