বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জঙ্গি ও রাজাকারতন্ত্রের মা বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেছেন, ‘বিএনপি এমন এক দল, যা গণতন্ত্রের সঙ্গে যায় না। কারণ, তাদের নেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের মা নয়, সৎমা। উনি আসলে জঙ্গি ও রাজাকারতন্ত্রের আসল মা।’
শুক্রবার (২৪ আগস্ট) বেলা ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার গোলাপনগরে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
হাসানুল হক ইনু বলেন, ‘গণতন্ত্রকে হত্যা করা, নির্বাচন বানচাল করা ও খুনিদের রক্ষা করা হচ্ছে বিএনপির একমাত্র কাজ। এর বাইরে তাদের কোনও কাজ নেই।’
তিনি আরও বলেন, ‘আজ খালেদা জিয়াকে নিয়ে নির্বাচন করতে হবে –এই শর্ত যারা দেন, তারা কার্যত নির্বাচন বানচাল করতে চান। যেমন রায়ের আগে হৈ চৈ করে খুনিদের আড়াল করা, রক্ষা করার অপচেষ্টাই চালাচ্ছে তারা।’
জাসদ সভাপতি বলেন, ‘বিএনপি আসলে গণতন্ত্র নিয়ে মাথা ঘামাচ্ছে না। তারা দণ্ডিত খালেদা জিয়াকে কারাগার থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে হৈ চৈ করছে। আর মামলার আসামি-খুনিদের আড়াল করার চেষ্টা চালাচ্ছে।’
এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউওনও) সোহেল মারুফ, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনসহ অনেকে।