হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে মাদ্রাসা শিক্ষককে হত্যা

মুন্সীগঞ্জমুন্সীগঞ্জ সদর উপজেলার মাদ্রাসা শিক্ষক মো. আওলাদ হোসেনকে (৫৫) হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার প্রতিবেশী চাচাতো ভাই তাইজুল শেখকে (৪৫) আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জিল্লুর রহমান এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

মঙ্গলবার (২৮ আগস্ট) রাত ১১টার দিকে বজ্রযোগিনী ইউনিয়নের আজিমপুরা এলাকায় মাদ্রাসা শিক্ষককে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (২৯ আগস্ট) ভোরে অভিযুক্ত তাইজুলকে আটক করে হাতিমারা পুলিশ সদস্যরা।

আওলাদ হোসেন আজিমপুরা এলাকার মৃত আব্দুর গফুর শেখের ছেলে। তিনি চুরাইন আনোয়ারুল উলুম রহমানিয়া মাদ্রাসার ক্বেরাত বিভাগের শিক্ষক এবং স্থানীয় আতকা বাজারে হারবাল ওষুধের ব্যবসায়ী।

নিহতের স্ত্রী সাহিদা বেগম জানান, মঙ্গলবার রাতের খাওয়া শেষ করে ব্যবসার হিসাব নিকাশ নিয়ে কাজ করছিলেন আওলাদ হোসেন। এমন সময় রাত ৯টার দিকে প্রতিবেশী তাইজুল মোবাইলে কল করে তাকে বাসা থেকে বের হওয়ার কথা বলে। এরপর তিনি বাসা থেকে বের হয়ে যান। দীর্ঘ সময় পার হয়ে গেলেও তিনি বাসায় ফেরেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। বাসা থেকে বের হয়ে খুোঁজাখুঁজি করতে তাইজুলের বাসায় গিয়ে দেখা যায় বাড়ির পাশের পুকুরের ঘাটে সে রক্ত পরিষ্কার করছিল। এছাড়া টেনে পুকুর ঘাটে কাউকে নিয়ে যাওয়ার রক্তের চিহ্ন দেখা যায়। দূর থেকে তাকে আওলাদ হোসেনের বিষয়ে জিজ্ঞাসা করলে সে জানে না বলে জানায়। এরপর বাড়ির আশেপাশের আত্নীয় স্বজনদের মোবাইলের মাধ্যমে ডেকে আনলে তারা তাইজুলকে ধরে ফেরে এবং পুকুরের ঘাটে কচুরিপানার ভেতরে আওলাদের মরদেহ দেখতে পাওয়া যায়।

সাহিদা বেগম আরও বলেন, ‘তাইজুল আমার স্বামীর ব্যবসা বাণিজ্যে উন্নতি এবং চারদিকে সুনামের বিষয়টি মেনে নিতে পারেনি। বাড়িতে ডেকে এনে ঘুমের ওষুধ খাওয়ানোর পর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করে। পুলিশ তাকে ভোরের দিকে আটক করে নিয়ে গেছে।’

হাতিমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিল্লুর রহমান জানান, ‘স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তাইজুলকে আটক করা হয়েছে। ঘরের আলমারি থেকে হত্যায় ব্যবহৃত হাতুড়ি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে সে হত্যার কথা স্বীকার করেছে। তবে তদন্ত করে বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুন- পাবনায় নারী সাংবাদিককে কুপিয়ে হত্যা