এ বিষয়ে শিপন বলেন, ফিনল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটাররা কেউই প্রফেশনাল খেলোয়াড় নয়। সকলেই বিভিন্ন পেশায় জড়িত। কেউ ডাক্তার আবার কেউ ইঞ্জিনিয়ার।’ তিনি জানান, কিশোরগঞ্জ জেলার আরও একজন ক্রিকেটার ফিন্যান্ডের জাতীয় দলের হয়ে বাছাই পর্বে অংশগ্রহণ করেছেন। তার নাম তন্ময়।
হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী, বর্তমানে হবিগঞ্জ শহরের দক্ষিণ তেঘরিয়ায় বসবাসকারী সালেকুর রহমানের ছেলে নুরুল হুদা শিপন। শিপন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে স্নাতক শেষ করে স্টুডেন্ট ভিসায় ফিনল্যান্ডে মাস্টার্স করতে গেছেন। মাস্টার্স শেষ করে সেখানে পিএইচডি করছেন। পাশাপাশি শখের বশে ক্রিকেট খেলেন।
বুধবার বাংলাদেশ সময় রাত ১২টায় মোবাইল ফোনে আলাপকালে শিপন বাংলা ট্রিবিউনকে বলেন, শাহজালাল বিশ্ববিদ্যালয় থেকে অনার্স শেষ করে ফিনল্যান্ডে এসেছি। কাজের পাশাপাশি শখের বশে ক্রিকেট খেলছি।তিনি বলেন, স্থানীয় ফিসিন লীগে ভালো খেলাধুলা করার কারণে আমাকে জাতীয় দলে ডাকা হয়েছে। প্রথম ম্যাচে বৃষ্টির কারণে হারলেও আরও ৪টি ম্যাচ রয়েছে। দ্বিতীয় ম্যাচ বৃহস্পতিবার সকালে বেলজিয়ামের সঙ্গে এবং বিকেলে তৃতীয় ম্যাচ ইতালির সঙ্গে অনুষ্ঠিত হবে। ম্যাচগুলোতে জয়ের ব্যাপারে আশাবাদী শিপন।
শিপন বলেন, আমি অলরাউন্ডার হিসেবে দলে আছি। ডান হাতে ব্যাটিংয়ের পাশাপাশি ভালো বলও করি। আগামী ২০২১ সালে পিএইচডি শেষ হলে তার দেশে আসার কথা রয়েছে।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি জানান, হবিগঞ্জের ছেলে ফিনল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার হওয়ায় আমরা আনন্দিত।