টাঙ্গাইলে বাসের মধ্যে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় বাসটির সুপারভাইজারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (২ সেপ্টেম্বর) গভীর রাতে কালিহাতী উপজেলার বেনুকুর্শিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুপারভাইজারের নাম মো. এরশাদ (৪০)। সে ওই এলাকার মৃত লাল চানের ছেলে। এর আগে এই ঘটনায় বাসটির হেলপার নাজমুলকেও গ্রেফতার করা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন এসব তথ্য জানিয়েছেন।
ওসি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাসের সুপারভাইজার এরশাদকে গ্রেফতার করা হয়। পরে তাকে সোমবার (৩ সেপ্টেম্বর) সকালে আদালতে পাঠানো হয়েছে। এই ঘটনায় বাসের চালক আলম পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।’
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে যাওয়া একটি লোকাল বাস (যশোর-ব-৪৪২) কিছু যাত্রী নিয়ে বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। এসময় বুদ্ধিপ্রতিবন্ধী এক নারী ছাড়া সব যাত্রী তাদের নিজ নিজ গন্তব্যে নেমে যান। এরপর ওই নারীকে একা পেয়ে বাসের ড্রাইভার, সুপারভাইজার ও হেলপার মিলে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে বাসের হেলপার নাজমুলকে গ্রেফতার করে। এসময় বুদ্ধিপ্রতিবন্ধী ওই নারীকে উদ্ধার করে তার মেডিক্যাল টেস্ট সম্পন্ন করা হয়েছে। গ্রেফতার হেলপার নাজমুল শুক্রবার বিকালে টাঙ্গাইল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।