ঝালকাঠিতে বিএনপির মিছিলে লাঠিপেটার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

১১১১

ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ করেছে দলীয় নেতাকর্মীরা। নেতাকর্মীদের দাবি, এই ঘটনায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।

সোমবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টায় শহরের ফায়ার সার্ভিস মোড়ের দলীয় কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে।

বিএনপি নেতারা জানায়, দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে কিছুদূর গেলে পুলিশ এসে ধাওয়া করে। এর প্রতিবাদ করলে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ নেতাকর্মীদের ওপর লাঠিপেটা শুরু করে। এতে চার নেতাকর্মী আহত হয়। মিছিল থেকে পুলিশ কয়েকজন নেতাকর্মীকে আটক করার চেষ্টা করলে তারা দৌড়ে পালিয়ে যায়।

এই ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর বলেন, ‘আমরা কেন্দ্র ঘোষিত বিক্ষোভ মিছিল শুরু করলে পুলিশ লাঠিপেটা করে। এসময় চার জন নেতকর্মীর পায়ের নখ উঠে যায়। তারা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছে।’  

এ ব্যাপারে ঝালকাঠি থানার ওসি (অপারেশন) আবুল কালাম আজাদ বলেন, ‘আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য মিছিল করতে নিষেধ করা হয়। তারপরও মিছিল বের করলে পুলিশ গিয়ে থামিয়ে দিয়েছে।’