জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসা উচিত বলে মন্তব্য করেছেন পানি সম্পদমন্ত্রী ও জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু। তিনি বলেছেন, ‘নির্বাচন ছাড়া ক্ষমতা হস্তান্তরের আর কোনও পথ নাই। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। তাই জনপ্রিয়তা থাকলে নির্বাচনে আসা উচিত।’
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) রাতে কাউখালী উপজেলা জাতীয় পার্টি (জেপি)-এর ভোটকেন্দ্র কমিটির সদস্যদের সঙ্গে একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।
এসময় আনোয়ার হোসেন মঞ্জু বলেন, ‘যারা নির্বাচনে আসবেন না, চালাকি করে- মারপিট করে ভোটে বাধা দেবেন; আমরা যদি একত্রে থাকি তাহলে তারা কোনও সুযোগ পাবেন না। যারা কাজ করেন না, তাদের জনগণ ভোট দেবে না। কাজ না করলে কেউ ভোট পাবে না। ভোটের জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। অনেক নেতা সুযোগ বুঝে দল পাল্টান, ভোল পাল্টান, জোটে যোগদানে দরকষাকষি করেন। এই ধরনের সুবিধাবাদী রাজনীতি আমরা করি না। জনগণের জন্য আমাদের কাজ করতে হয়, জনগণকে আমরা ভালবাসি। মুষ্ঠিমেয় মানুষের ভাগ্য উন্নয়নের জন্য নয়, আপামর জনগণের জন্য আমরা ৩৪ বছর ধরে কাজ করে আসছি। তাই আমাদের জনগণের ওপর গভীর আস্থা রয়েছে, যার ওপরে নির্ভর করে নির্বাচনের সময় ভোটের জন্য যেমন জনগণের কাছে উপস্থিত হই, আবার তাদের সুখে-দুঃখের সঙ্গী হয়ে সব সময় তাদের সঙ্গে থাকি। তাই আমরা বিশ্বাস করি- যিনি কাজ করবেন, বাংলাদেশের মানুষ তাকেই ভোট দেবে।’
মন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের সব জায়গায় মানুষ রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, বিদ্যুৎ, নলকূপ চায়। এ অঞ্চলে দীর্ঘ ৩৪ বছরের লাগাতার প্রচেষ্টায় আমরা মানুষের এসব প্রয়োজন অল্প হলেও মেটাতে সক্ষম হয়েছি। এর পেছনের কারণ হচ্ছে আমরা স্বাধীনতার সুফলকে কাজে লাগাতে সচেষ্ট ছিলাম।’ আবারও নির্বাচিত হলে উন্নয়ন কাজ অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।