শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ

শিমুলিয়া ফেরি ঘাটদক্ষিণবঙ্গের ২১টি জেলার সঙ্গে যোগাযোগের অন্যতম রুট মুন্সীগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। লৌহজং চ্যানেলে নাব্য সংকট সমাধানের জন্য চ্যানেলের মুখে ড্রেজার মেশিন স্থাপনের কারণে ফেরি বন্ধ আছে। কয়েক দিন ধরেই এই নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে নৌরুটে ফেরি বন্ধ থাকায় আড়াই শতাধিক গাড়ি পারের অপেক্ষায় আছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপমহাব্যবস্থাপক বরকত উল্লাহ ফেরি বন্ধের খবর নিশ্চিত করেন।

বরকত উল্লাহ জানান, ‘সকাল থেকেই নৌরুটে ১৪টি ফেরি চলাচল করছিল। লৌহজং টার্নিং পয়েন্টে নাব্য সংকট ও চ্যানেলে ড্রেজার বসানোর কারণে ফেরি বন্ধ রাখা হয়। ফেরি বন্ধের কারণে ঘাট এলাকায় পারাপারের জন্য ছোট বড় মিলিয়ে দুই থেকে আড়াইশ যানবাহন অপেক্ষা করছে।’

ড্রেজার মেশিন না সরানো পর্যন্ত ফেরি চলাচল চালু হচ্ছে না বলে জানান বিআইডব্লিউটিসি কর্মকর্তারা।

নির্বাহী প্রকৌশলী (ড্রেজিং) এএসএম আরেফিন জানান, ‘দুটি চ্যানেলে ড্রেজিং চলছে। এছাড়া গেল কয়েকদিন ধরেই ৭টি ড্রেজার কাজ করছে এবং আগামীকাল মঙ্গলবার একটি ড্রেজার মেশিন কাজ করার কথা আছে। তবে ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল বন্ধ হওয়ার মতো নয়। ড্রেজিং বিভাগ থেকে ফেরি চলাচল বন্ধের কোনও ঘোষণা দেওয়া হয়েছে কিনা আমার জানা নেই।’