খাগড়াছড়ির দীঘিনালার দুর্গম দাঙ্গা বাজার এলাকায় দুর্বৃত্তের গুলিতে মঞ্জু চাকমা (৪৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব এ খবর নিশ্চিত করেন।
নিহত মঞ্জু চাকমা (৪৭) উপজেলার কবাখালি ইউনিয়নের ডুলুছড়ি গ্রামের মৃত মনিন্দ্রলাল চাকমার ছেলে। তিনি জনসংহতি সমিতি (জেএসএস) এমএন লারমা গ্রুপের যুব সমিতির সক্রিয় কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাঙ্গা বাজার এলাকার একটি দোকানের সামনে একদল দুর্বৃত্ত এসে খুব কাছ থেকে মঞ্জু চাকমাকে গুলি করে পালিয়ে যায়।
জেএসএস (এমএন লারমা) সভাপতি সুধাসিন্ধু খীসার অভিযোগ, ‘এ ঘটনার জন্য ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) দায়ী।’ তবে এ অভিযোগ অস্বীকার করেছে ইউপিডিএফ-এর প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরন চাকমা।
ওসি উত্তম চন্দ্র দেব জানান, তিনি লাশ উদ্ধারের জন্য পুলিশ নিয়ে ঘটনাস্থলে রওনা দিয়েছেন।