বেলা সাড়ে ৪টার দিকে শেবাচিম ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, বরিশাল মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয় নয় বরং ঢাকা, সিলেট, চট্রগ্রামের মত বরিশালেও আলাদা মেডিকেল বিশ্ববিদ্যালয় করা হবে।
অনুষ্ঠানে বরিশাল বিভাগের হিজলায় দ্বিতীয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রর কাজ শিগগিরই শুরুর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বরিশালে রেল লাইন যাবে পায়রা সমুদ্র বন্দর পর্যন্ত। যোগাযোগ ব্যাবস্থা উন্নত করতে পায়রা ব্রিজ, বিষখালি ব্রিজ এবং ভোলা, বরিশাল, বরগুনার সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে সব পদক্ষেপ নেওয়া হবে।
জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সংক্ষিপ্ত বক্তব্যের পর প্রধানমন্ত্রী বলেন, শের ই বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষকদের আবাসনের জন্য বহুতল ভবন নির্মাণ করে ফ্ল্যাটের ব্যাবস্থা করাসহ ছাত্রীদের জন্য ছাত্রী হোস্টেল নির্মাণে পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসাপাতালের পক্ষ থেকে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ডাক্তার ভাষ্কার সাহা। উপস্থিত ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনূস এমপি, নবনির্বাচিত বিসিসি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।