২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার ফাঁসির দণ্ড পাওয়া আসামিদের গাজীপুরের কাশিমপুর কারাগারের কনডেম সেলে রাখা হয়েছে। এর আগে ফাঁসির আসামিরাসহ বাকি সাজাপ্রাপ্তদের কয়েদির পোশাক পরানো হয়। মামলা রায়ের কপি আদালত থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পৌঁছানোর পর বৃহস্পতিবার (১১ অক্টোবর) ভোরে তাদের এ পোশাক পরানো হয়। কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারের জেল সুপার বিকাশ রায়হান এসব খবর নিশ্চিত করেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার (১ ও ২) সুব্রত কুমার বালা জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের কপি বুধবার রাতে কাশিমপুর কারাগারে এসে পৌঁছায়। বৃহস্পতিবার ভোরে আসামিদের কয়েদির পোশাক পরানো হয়। বন্দিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ –এ বন্দি রয়েছেন। তিনি ১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির আসামি হওয়ায় আগে থেকেই কয়েদির পোশাকে ছিলেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ –এ আছেন বিএনপি নেতা ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টুসহ ১৩ আসামি। এর মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন জন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন জন ও বিভিন্ন মেয়াদে সাজা প্রাপ্ত সাত জন। ফাঁসির দণ্ডপ্রাপ্তদের আলাদাভাবে কনডেম সেলে রাখা হয়েছে।
কাশিমপুর হাই-সিকিউরিটি কারাগারের জেল সুপার বিকাশ রায়হান আরও জানান, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় এই কারাগারে মোট ১৭ জন আসামি রয়েছেন। এর মধ্যে ১৩ জন ফাঁসির দণ্ডপ্রাপ্ত এবং চার জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত। তাদের বৃহস্পতিবার ভোরে কয়েদির পোশাক পরানো হয়। এ কারাগারে দণ্ডপ্রাপ্ত জঙ্গিদের বিশেষ নজরদারির মধ্যে রাখা হয়েছে।