শ্রীপুরে শ্রমিকলীগ নেতা হত্যার ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা

শ্রমিকলীগ নেতা ফারুক হোসেন (ছবি– প্রতিনিধি)

গাজীপুরের শ্রীপুর পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেনকে (২৬) কুপিয়ে হত্যার ঘটনায় ২০ জনকে আসামি করে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২৫ অক্টোবর) রাত ১১টার দিকে মামলাটি দায়ের করেন নিহতের বাবা হাফিজুল ইসলাম। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম এ খবর নিশ্চিত করেন।

আসামিরা হলেন– কেওয়া পশ্চিমখন্ড এলাকার জালাল উদ্দিনের ছেলে সুমন মিয়া (৩০), সোহেল রানা (২৪), আলী হোসেনের ছেলে সাদ্দাম (২৫), বহেরাররচালা গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে সোহেল রানা (২৪) ও কায়িাকৈর উপজেলার কড়িচালা এলাকার মোবারক হোসেনের ছেলে বাবুল মিয়া (৪০)।

ওসি জাবেদুল ইসলাম বলেন, ‘মামলায় চিহ্নিত পাঁচ জন ছাড়া আরও ১৫ জনকে অভিযুক্ত করা হয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

বৃহস্পতিবার সকাল ১০টায় গাজীপুরের শ্রীপুর পৌর শহরের কড়ইতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ফারুক হোসেনকে কুপিয়ে হত্যা করা হয় বলে মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে। নিহত ফারুক শ্রীপুর পৌর শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক।