তিনি বলেন, ‘ইভিএম গ্রহণযোগ্য অবস্থায় নিতে প্রচার চালানো হচ্ছে। ইভিএম ক্ষতিকর কোনও পদ্ধতি নয়। বরং সময় ও অর্থ সাশ্রয়ী। ভোটারদের সচেতনতা জরুরি।’
আজ শনিবার খুলনা, রাজশাহী, রংপুর, ফরিদপুর, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা অঞ্চলে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ডেমো ভোটগ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে মেলায়। তবে শুধু নির্দিষ্ট এলাকার ভোটাররা ভোট দিতে পারছেন।
খুলনায় ইভিএম মেলায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সেখানে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হুমায়ুন কবীর, জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। নির্বাচন কমিশনের আয়োজনে এ মেলায় ইভিএমের মাধ্যমে ডেমো ভোটগ্রহণ প্রদর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।
মহানগরীর ১৮, ১৯ ও ২১নং ওয়ার্ডের চারটি এলাকার ৭ হাজার ৩৯ জন ভোটার ইভিএমে ভোট দেওয়ার সুযোগ রয়েছে। ভোট গ্রহণের জন্য ১৪টি কক্ষ রয়েছে। রয়েছে ১৫ সেট ইভিএম মেশিন। স্টল রয়েছে ১২টি। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।