বান্দরবানে ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোক সাংস্কৃতিক উৎসব

লোক সাংস্কৃতিক উৎসববান্দরবান ক্ষুদ্র নৃ‌গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের হলরুমে শনিবার (১৭ নভেম্বর) সকালে লোক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান ক্ষুদ্র নৃ‌গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট ও সংস্কৃ‌তি বিষয়ক মন্ত্রণালয় এ উৎসবের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থে‌কে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকসানা মালেক। এ সময় উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল কালাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পার্বত্য জেলা পরিষদের সদস্য সিং ইয়ং ম্রোসহ বিভিন্ন ক্ষুদ্র নৃ‌গোষ্ঠীর জনপ্রতিনিধিরা।
অনুষ্ঠানে মারমা, ত্রিপুরা, চাকমা, বম ও খুমী সম্প্রদায়ের শিল্পীরা বিভিন্ন সংগীত ও নৃত্য পরিবেশন করেন। এছাড়া ১১টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী সম্প্রদায়ের শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ক্ষুদ্র নৃ‌গোষ্ঠীর আটজন বরেণ্য শিল্পীকে সম্মাননা দেওয়া হয়।
প্রসঙ্গত, ২০০৮ সাল থে‌কে বান্দরবানে লোক সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে প্রতি বছরই জেলার বরেণ্য শিল্পী‌দের সম্মাননা দেওয়া হয়ে থাকে। এই অনুষ্ঠানের মাধ্যমে ক্ষুদ্র নৃ‌গোষ্ঠীর এ লোক সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়।