গাজীপুরে নারীসহ গ্রেফতার ৩, ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার

১২৩

গাজীপুরে পৃথক দুটি ঘটনায় নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-১ এর সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও ফেনসিডিল জব্দ করা হয়েছে। র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটকরা হলো গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার ইটাহাটা (আমিরাবাদ) এলাকার মনির হোসেন রাকিবের স্ত্রী সুমী বেগম (২৮), রংপুরের পীরগঞ্জ উপজেলার ফকিরা ফতেহপুর এলাকার আব্দুল হাকিম মণ্ডলের ছেলে জাহাঙ্গীর আলম (২৫) ও কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তেলীপাড়া এলাকার নুর নবীর ছেলে রতন বাবু (২৩)।

র‌্যাব-১ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইটাহাটা (আমিরাবাদ) এলাকায় শুক্রবার সকালে মাদক ব্যবসায়ীরা ইয়াবা ক্রয়-বিক্রয় করছে খবর পেয়ে র‌্যাব-১ স্পেশালাইজ কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার  আব্দুল্লাহ আল-মামুন এবং এবং সিনিয়র এএসপি মো. গোলাম মোর্শেদের নেতৃত্বে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালিয়ে সুমী বেগমকে (২৮) আটক করে। এ সময় দেহ তল্লাশি করে একটি ব্যাগে ভর্তি ১০৩ পিস ইয়াবা ও নগদ ৩ হাজার ২৫০ টাকা এবং মোবাইল জব্দ করা হয়।

এদিকে, একইদিন সকালে গাজীপুরে কালিয়াকৈরের চন্দ্রা এলাকা হতে ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে দুই ব্যক্তি একটি ট্রাকে করে মহানগরের ভোগড়া চৌরাস্তার দিকে যাচ্ছে খবর পেয়ে র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুনের নেতৃত্বে র‌্যাব সদস্যরা বাসন থানাধীন কড্ডাবাজার ট্রাকস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। র‌্যাব সদস্যরা অভিযানকালে ট্রাকে তল্লাশি চালিয়ে ৭০ বোতল ফেনসিডিল, নগদ টাকা ও মোবাইল ফোনসহ জাহাঙ্গীর আলম (২৫) ও রতন বাবুকে (২৩) আটক করে।

র‌্যাবের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন স্থানে ইয়াবা ও ফেনসিডিল ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।